রাহুল গান্ধী
মমতার হাত ধরেই বাংলায় বিজেপির উত্থান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে প্রচারে নেমে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন যে, বাংলায় বিজেপির উত্থানের পেছনে তৃণমূল সরকারেরই ভূমিকা রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, বাংলায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য সরাসরি দায়ী তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই বিজেপি এখানে জায়গা করে নিয়েছে।
তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার সঠিকভাবে কাজ না করা এবং রাজ্যে হিংসা-দুর্নীতি বাড়ার কারণেই বিজেপি শক্তিশালী হয়েছে। তৃণমূল যদি ঠিকভাবে কাজ করত, তাহলে বাংলায় বিজেপিকে দেখা যেত না বলেও মন্তব্য করেন তিনি।
সভায় রাহুল গান্ধী আরএসএস ও বিজেপির বিরুদ্ধেও একাধিক অভিযোগ তোলেন। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির ফলে দেশের সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
এদিন রায়গঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্তের সমর্থনে প্রচার করেন রাহুল গান্ধী। তিনি বলেন, কংগ্রেসই পারে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে মানুষের আস্থা ফিরিয়ে আনতে।
উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। ভোটের আগে রাজ্যের রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন দলের তীব্র প্রচার-প্রচারণায়।
