পাকিস্তানে সামরিক অবস্থানে হামলায় ৫৫ সেনা নিহত: তালেবান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম
আফগানিস্তানের নানগারহার প্রদেশের একটি আবাসিক এলাকায় তালেবান নিরাপত্তা রক্ষীরা হতাহতদের খুঁজছেন। ছবি: সংগৃহীত
আফগানিস্তানের তালেবান সরকার বলেছে, গত বুধবার তারা ডুরাল্ড লাইন (আফগান–পাকিস্তান সীমান্ত) বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। ওই হামলায় ৫৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। খবর আফগান টাইমসের।
তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বুধবার রাত ৮টা থেকে শুরু হওয়া ওই অভিযান টানা চার ঘণ্টা চলে। অভিযানে পাকিস্তানের ১৯টি সামরিক চৌকি এবং ২টি ঘাঁটি দখলের পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে। এছাড়া একটি পাকিস্তানি ট্যাংক ধ্বংস ও একটি সামরিক যান কবজায় নেওয়া হয়েছে।
তালেবানের দাবি, এ লড়াইয়ে তালেবানের ৮ যোদ্ধা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে হতাহতের এ সংখ্যার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
গত ২১ ও ২২ ফেব্রুয়ারি আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলার জেরে এ পাল্টাপাল্টি আক্রমণ শুরু হয়। আফগানিস্তানে নিয়োজিত জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, পাকিস্তানের ওই বিমান হামলায় নানগারহার প্রদেশে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাঁদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক্স পোস্টে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এ পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। তবে এর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি।
এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সকালে এক এক্স পোস্টে লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ব্যাপক ও চূড়ান্ত।’
গতকাল আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায়। এতে দুই সেনা নিহত হওয়ার খবর দেয় ইসলামাবাদ। এর পরপর কাবুল–কান্দাহারে হামলা চালাল পাকিস্তান। এর আগে গত রোববার আফগানিস্তানের নানগারহার ও পাকতিকা প্রদেশে হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে ১৩ বেসামরিক মানুষ নিহত হন বলে জানিয়েছিল আফগানিস্তানে জাতিসংঘের মিশন।
যদিও মৃত্যু নিয়ে পৃথক দাবি করেছে ইসলামাবাদ ও কাবুল। ইসলামাবাদের দাবি, ওই হামলায় ৮০ জনের বেশি সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আর ১৮ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল কাবুল।
