×

আন্তর্জাতিক

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

চলতি রমজানে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব।

১৪৪৭ হিজরি সালের রমজানে ভিড় সামলাতে এবং শৃঙ্খলার সঙ্গে ইবাদত পালনের পরিবেশ বজায় রাখতে এই বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় হয়। তাই নির্ধারিত পথ, সাইনবোর্ড ও নিরাপত্তাকর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

বিশেষ করে রমজানের শেষ দশ দিনে যখন লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে, তখন গ্র্যান্ড মসজিদের চারপাশের কেন্দ্রীয় এলাকায় প্রচণ্ড ভিড় এড়াতে নিরাপত্তা বাহিনীর নির্দেশনা ও নির্ধারিত পথ অনুসরণ জরুরি।

মক্কার এই বিশাল জনস্রোত সামলাতে এবার ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। মসজিদের প্রবেশপথে থাকা ডিজিটাল নির্দেশকগুলো মুসল্লিদের নামাজের স্থানের প্রাপ্যতা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দেবে, যেখানে সবুজ সংকেত থাকলে প্রবেশ করা যাবে এবং লাল সংকেত দেখলে বুঝতে হবে নির্দিষ্ট স্থানটি পূর্ণ হয়ে গেছে। 

যানজট নিরসনে ব্যক্তিগত গাড়ির ওপর কড়াকড়ি আরোপ করে ওমরাহ যাত্রীদের জন্য পাবলিক বাস, ট্যাক্সি এবং হারামাইন হাই-স্পিড রেলওয়ে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। শহরের উপকণ্ঠে বিশেষ পার্কিং ও শাটল সার্ভিসের ব্যবস্থাও রাখা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে পথচারী চলাচল এলাকায় মোটরসাইকেল, বাইসাইকেল বা যেকোনো অননুমোদিত যানবাহন প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া প্রবেশপথ, করিডর এবং জরুরি বহির্গমন পথে ভিড় না করতে এবং নামাজ শেষে দ্রুত স্থান ত্যাগ করে অন্যদের সুযোগ করে দিতে বলা হয়েছে। 

বয়স্ক এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য রাখা হয়েছে আলাদা নামাজের জায়গা, অগ্রাধিকারভিত্তিক পথ এবং ইলেকট্রিক কার্ট সুবিধা। ভিড় এড়াতে ছোট শিশুদের সঙ্গে না আনারও পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ওমরাহ পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত পানি পান করা, বিশ্রাম নেওয়া এবং তীব্র রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সেইসঙ্গে অগ্নিনিরাপত্তার বিষয়ে সচেতন থাকতে এবং আবাসনস্থলে বৈদ্যুতিক সরঞ্জামের অতিরিক্ত ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। 

নিরাপত্তার খাতিরে ব্যক্তিগত সম্পদের সুরক্ষা নিশ্চিত করা, ডিজিটাল পারমিট গ্রহণ এবং নির্ধারিত সময়সূচি কঠোরভাবে পালনের কথা বলা হয়েছে। গ্র্যান্ড মসজিদ এলাকায় ধূমপান, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত কেনাবেচা এবং চলাচলে বাধা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং যেকোনো সন্দেহজনক আচরণ নজরে এলে তাৎক্ষণিক রিপোর্ট করতে বলা হয়েছে।

সূত্র: খালিজ টাইমস, গালফ নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App