না ফেরার দেশে অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পিএম
ছবি: সংগৃহীত
মরণঘাতী ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বিনোদন জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা জি নিউজ বাংলা
প্রতিবেদনে বলা হয়েছে, ‘মঙ্গলবার মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ২০১৯ সালে প্রবীণার শরীরে ‘মাইলোমা’ (এক ধরনের রক্ত ক্যানসার) ধরা পড়ে। তবে অসুস্থতাকে সঙ্গী করেই তিনি নিয়মিত কাজ করে গেছেন।’
শুটিং ফ্লোর ছিলো প্রবীণা দেশপাণ্ডের কাছে সবচেয়ে আনন্দের জায়গা-বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বারবার এই আবেগের কথা বলতেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অভিনয়ের প্রতি তার সেই গভীর ভালোবাসা অটুট ছিলো। হিন্দি ও মারাঠি দুই ভাষাতেই সমান দক্ষতা দেখানো এই শিল্পী রূপালি পর্দার পাশাপাশি ছোটপর্দায় ছিলেন অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে ‘ঘর এক মন্দির’ নাটকে তার অনবদ্য অভিনয় আজও দর্শকমনে অমলিন।
বলিউডের বড় পর্দায় সালমান খানের ‘রেডি’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলো। এছাড়া অক্ষয় কুমারের ‘গব্বর’ এবং রিয়া চক্রবর্তীর ‘জালেবি’ ছবিতে শাশুড়ির চরিত্রে তার শক্তিশালী উপস্থিতি নজর কেড়েছিল। সাম্প্রতিক সময়ে ‘ফ্যামিলি ম্যান ৩’ সিরিজে ছোট চরিত্রেও তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন। আর পর্দায় তাঁর সর্বশেষ উপস্থিতি ছিল ইমরান হাশমির বিপরীতে ‘তস্করি’ সিরিজে।
