অসমে জাতীয় সড়কেই নামল মোদীর বিমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের অসমের ৩৭ নম্বর জাতীয় সড়কে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হলেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহনকারী ভারতীয় বায়ুসেনার একটি সি-১৩০জে সুপার হারকিউলিস বিমান সরাসরি রাজপথে অবতরণ করে।
তবে এটি কোনো যান্ত্রিক গোলযোগ নয়, বরং জরুরি পরিস্থিতিতে যুদ্ধবিমান বা ভিভিআইপি বিমান নামানোর জন্য তৈরি করা বিশেষ ইমার্জেন্সি ল্যান্ডিং ফেসিলিটি' (ইএলএফ) সড়কটির কার্যকারিতা পরীক্ষা করতেই এই পরিকল্পিত অবতরণ করে বিমান বাহিনী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিমান অবতরণের এ দৃশ্য দেখা যায়।
জানা যায়, জরুরি প্রয়োজনে যুদ্ধবিমান বা ত্রাণবাহী বিমান ওঠানামার জন্য প্রস্তুত মোরান বাইপাসের ৪.২ কিলোমিটারের বিশেষ এই রানওয়ে। প্রধানমন্ত্রী মোদী আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, দেশের অবকাঠামোগত এই উন্নয়ন কেবল যাতায়াতের জন্য নয়, বরং প্রাকৃতিক বিপর্যয় বা জাতীয় সংকটে জীবন রক্ষাকারী উদ্ধার অভিযানে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
প্রায় ১০০ কোটি ভারতীয় রুপি ব্যয়ে নির্মিত এই সড়কটি বিমান বাহিনীর যুদ্ধবিমান ও পরিবহন বিমানের জন্য একটি কৌশলগত, বহুমুখী রানওয়ে হিসেবে গড়ে তোলা হয়েছে। সড়কটিতে প্রায় ৪০ টন ওজনের একটি যুদ্ধবিমান ও ৭৪ টন সর্বোচ্চ ওজনের পরিবহন বিমান অবতরণ করতে পারবে। এটি সামরিক ও বেসামরিক- উভয় উদ্দেশ্যে ব্যবহারের উপযোগী ও জরুরি পরিস্থিতিতে দিঘরুগড় বিমানবন্দরের বিকল্প হিসেবেও কাজ করতে পারে।
২০২১ সালে ভারতের রাজস্থানের বার্মের জেলায় চালু হয়েছিল প্রথম ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি। আসামের এই নতুন ইএলএফ বিশেষত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরপূর্ব অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
এদিকে অবতরণের পর নরেন্দ্র মোদী প্রায় ৪০ মিনিটের এক বর্ণিল এয়ার শো উপভোগ করেন, যেখানে অংশ নেয় তেজস, সুখোই ও রাফালে যুদ্ধবিমান।
