যুদ্ধবিরতি ব্যর্থ হলে আবারো হামলা চালাবে ইসরায়েল: নেতানিয়াহু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৯:২২ এএম
বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, যদি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা ব্যর্থ হয়, তাহলে হামাসের বিরুদ্ধে আবারো সামরিক অভিযান শুরু করার জন্য ইসরায়েল প্রস্তুত। শনিবার সন্ধ্যায় এক টেলিভিশন বক্তৃতায় তিনি এই হুঁশিয়ারি দেন।
নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি একটি সাময়িক ব্যবস্থা এবং তাদের অভিযান এখনো শেষ হয়নি। গাজার ওপর হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে এবং যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্ট, বিদায়ী জো বাইডেন ও নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প, উভয়েই এই সিদ্ধান্ত সমর্থন করবেন। যদি হামলা চালানো হয়, তবে তা হবে আরো শক্তিশালী।
নেতানিয়াহু আরো বলেন, হামাস বর্তমানে একেবারে একাকী হয়ে পড়েছে এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যের চেহারা পরিবর্তন করেছে।
নেতানিয়াহুর বক্তৃতার আগে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছিল যে, হামাসের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত জিম্মিদের তালিকা না পাওয়া পর্যন্ত ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবে না। তিনি সতর্ক করে বলেছেন, চুক্তির কোন ধরনের লঙ্ঘন সহ্য করা হবে না।
উল্লেখ্য, যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৩ জন জিম্মিকে মুক্তি দেয়া হবে। তবে সরকার এখনো এই তালিকা নিয়ে মন্তব্য করতে পারেনি। কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, তিনজন জিম্মিকে রবিবার মুক্তি দেয়ার কথা রয়েছে, কিন্তু সরকার তাদের নাম নিশ্চিত করেনি। ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাসের সংঘর্ষের পর, ১৮ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মতি জানানো হয়।
