জম্মু-কাশ্মীরে তুষারধসে নিহত ৭
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১১:৪৬ এএম
ছবি : সংগৃহীত
ভারতের জম্মু-কাশ্মীর ও লাদাখ সংযোগকারী জোজিলা পাসে ভয়াবহ তুষারধসে অন্তত ৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে শুক্রবার (২৭ মার্চ) শ্রীনগর-লেহ হাইওয়ে এনএইচ-১ এ। তুষারধস লাদাখ অংশে আঘাত হানে, এতে কয়েকটি যাত্রীবাহী গাড়ি বরফের নিচে চাপা পড়ে। খবর এনডিটিভির।
ঘটনার পর মহাসড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বরফ সরানো এবং যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসন ব্যাপক উদ্ধার ও পরিষ্কার কার্যক্রম শুরু করেছে।
লাদাখের লেফটেন্যান্ট গভর্নর জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কারগিলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। সব সরকারি সংস্থা, দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং বর্ডার রোডস অর্গানাইজেশনকে (বিআরও) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আরো পড়ুন : ভারতে বাস-লরির সংঘর্ষে নিহত ১৩
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের জন্য সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন।
এদিকে, বিআরও ও পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপ সরিয়ে এখনো কেউ আটকে আছে কি না তা খুঁজছেন।
৪৩৪ কিলোমিটার দীর্ঘ শ্রীনগর-লেহ মহাসড়ক এই অঞ্চলের প্রধান যোগাযোগ মাধ্যম। ১১,৫৭৫ ফুট উচ্চতায় অবস্থিত জোজিলা পাস অতিক্রম করা এই সড়ক একদিকে দৃষ্টিনন্দন, অন্যদিকে বিপজ্জনক। ভারী তুষারপাত ও কঠিন ভূপ্রকৃতির কারণে শীতকালে প্রায়ই সড়কের ওই অংশ বন্ধ থাকে। এই সমস্যার স্থায়ী সমাধানে জোজিলা পাসের নিচ দিয়ে একটি বড় টানেল নির্মাণ করা হচ্ছে, যা সম্পন্ন হলে লাদাখের সঙ্গে সারা বছরের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করবে।
