অনুপ্রবেশকারীদের উদ্দেশে কড়া বার্তা অমিত শাহর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি : সংগৃহীত
শুধু ভোটার তালিকা নয়, আগামী পাঁচ বছরের মধ্যে দেশ থেকেও অনুপ্রবেশকারীদের অস্তিত্ব মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার (২১ ফেব্রুয়ারি) আসামে এক জনসভায় তিনি বলেন, কেবল দখল করা জমি থেকে উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না, তাদের দেশ থেকেই বিতাড়িত করতে হবে। জমি থেকে সরিয়ে দিলে তারা অন্যত্র গিয়ে বসবাস শুরু করবে, তাই স্থায়ী সমাধান হিসেবে দেশছাড়া করাই প্রয়োজন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে উচ্ছেদের পদক্ষেপ নিয়েছেন। এরই মধ্যে বেশ কয়েকজনকে সীমান্তে পুশব্যাক করার ঘটনাও সামনে এসেছে।
আরো পড়ুন : ভারতে ‘জঙ্গি হামলার পরিকল্পনার’ অভিযোগ, বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে পশ্চিমবঙ্গ ও আসাম, দুই রাজ্যেই নির্বাচনী কৌশল সাজাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সামনে আসাম বিধানসভা নির্বাচন। সেই প্রেক্ষাপটে অমিত শাহ ইঙ্গিত দেন, বিজেপি ফের ক্ষমতায় এলে প্রত্যেক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে দেশ থেকে তাড়ানো হবে।
তিনি আরো বলেন, দেশের বিস্তীর্ণ এলাকা যেমন মাওবাদমুক্ত করা সম্ভব হয়েছে, তেমনি অনুপ্রবেশমুক্ত করাও সম্ভব। এর জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সাহস ও দৃঢ়তা, যা বর্তমান প্রধানমন্ত্রীর রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
