ভারতে মার্কিন উপদেষ্টার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ০৯:১৬ পিএম
ছবি : সংগৃহীত
ভারতে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান দুদিনের জন্য ভারত সফরে আসছেন। রবিবার (৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া সফরে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। ওয়াশিংটন ডিসিতে প্রশাসনিক পরিবর্তনের তোড়জোড়ের মধ্যেই এই সফরের গুরুত্ব বেড়েছে। আমেরিকার বিদেশ দফতরের পক্ষ থেকে জানায়, সফরের সময় দিল্লি আইআইটিতে বিদেশনীতি সংক্রান্ত একটি আলোচনা সেশনে যোগ দেবেন তিনি।
এই সফরের সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আমেরিকার ও কানাডার মাটিতে খলিস্তানপন্থীদের কার্যকলাপ, ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে উঠা ঘুষের মামলা এবং খুনের চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে আলোচনা হতে পারে।
এছাড়াও, সালিভান ও ডোভালের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ভারত-মহাসাগরীয় অঞ্চলে ‘ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজি’ (আইসিইটি)-র সঙ্গে সম্পর্কিত বিষয়ও আলোচনার বিষয় হতে পারে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ২০ জানুয়ারি, ২০২৫-এ হতে চলেছে। ট্রাম্পের পুনর্নির্বাচনের পর বাংলাদেশ পরিস্থিতির ওপর এর কী প্রভাব পড়বে, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ডেমোক্র্যাটদের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক কিছুটা জটিল হলেও, ট্রাম্পের প্রত্যাবর্তনে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পরিস্থিতি কঠিন হতে পারে। তিনি গত বছর আমেরিকায় গিয়ে ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে দেখা করলেও রিপাবলিকানদের সঙ্গে সাক্ষাৎ করেননি, যা সম্পর্কের ক্ষেত্রে একটি স্পর্শকাতর দিক।
২০১৬ সালের নির্বাচনে ট্রাম্পের জয় এবং তার পরবর্তী বক্তব্যে বাংলাদেশে হিন্দুদের ওপর নিপীড়নের অভিযোগ তোলার ফলে দেশটির রাজনৈতিক পরিস্থিতি এবং ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জটিল হয়ে উঠেছে। কূটনৈতিক মহলের একাংশের মতে, এ সফরের মাধ্যমে সালিভান এই জটিলতাগুলোর সমাধান এবং দুই দেশের সম্পর্কের নতুন দিশা নিয়ে আলোচনা করবেন।
এই আলোচনার প্রেক্ষাপটে, দক্ষিণ এশিয়ায় ভারত-আমেরিকার সম্পর্কের ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে। বিশেষত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিশ্ব পরিমণ্ডলে যতটা গুরুত্ব পাচ্ছে।
