বাঁধ নির্মাণে দুর্নীতি জিরো টলারেন্স: পানিসম্পদ মন্ত্রী
রাহাদ হাসান মুন্না,তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: কাগজ প্রতিবেদক
পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি সরকার ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজে সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। হাওরের ফসল রক্ষা বাঁধ গুলোতে কেউ যেন দুর্নীতি করতে না পারে, এজন্য বাঁধ নির্মাণ কাজে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। বাঁধ নির্মাণের দুর্নীতি রোধে জিরো টলারেন্স থাকবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে হাওর অধ্যুষিত এলাকা সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় চন্দ্রসোনারতাল হাওরের ফসলরক্ষা বিভিন্ন বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন কালে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনেক দুর্নীতি অনিয়ম হয়েছে। এটা যাতে ভবিষ্যতে না হয় সেই জন্য আমরা জিরো টলারেন্সে নিয়ে আসার হবে।
এ সময় মন্ত্রী আরো বলেন- আমরা পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হয়ে হাওরের ফসলরক্ষা বাঁধের প্রকল্পগুলো বাস্তাবায়নে কাজ করবো। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক এ হাওরাঞ্চলের মানুষ ও কৃষকদের খোঁজ খবর রাখছেন। তাঁর নির্দেশে আজকে আমি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে এসেছি। হাওরের ফসল রক্ষায় বাঁধ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এই প্রকল্পটি পানিসম্পদ মন্ত্রণালয় সরাসরি তদারকি করে। ফলে বাঁধ নির্মাণ যাতে প্রতি বছর সুন্দর ও দুর্নীতিমুক্ত হয় সেই দিকে সরকারের সবচেয়ে বেশি নজরদারি থাকবে এবং সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।
