পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঘটনার তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আদাবরে একটি অফিসে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের একটি সংবাদ আমার কানেও এসেছে। আমি বিষয়টি খোঁজ নিতে বলেছি এবং তদন্ত করে আমাদের কাছে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছি। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন শিগগিরই আসতে পারে কি না, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, না, কিছু পরিবর্তন তো আসবেই।
আরো পড়ুন : ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ
এ সময় তিনি আসন্ন সংসদ অধিবেশন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সংসদ অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন সেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন। ইতোমধ্যে আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বানের সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। প্রথা অনুযায়ী শোক প্রস্তাব গৃহীত হবে এবং রাষ্ট্রপতির ভাষণ থাকবে। এছাড়া নিয়মিত সংসদীয় কার্যক্রমও পরিচালিত হবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি পরবর্তী সময়ে চূড়ান্ত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
