আজ সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন আজ (১৮ ফেব্রুয়ারি)। এর আগে তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করবেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেখানে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং জিয়ারত করবেন।
আরো পড়ুন : প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর সামলাবেন প্রধানমন্ত্রী
দেশ পরিচালনার প্রথম দিন সচিবালয়ে কর্মসূচির অংশ হিসেবে মধ্যাহ্নভোজে অংশ নেওয়া এবং বিকেলে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। নতুন সরকারের শপথ গ্রহণের পর এটিই হবে প্রথম মন্ত্রিসভা বৈঠক। পরে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানান, প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।
