অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন, জানালেন আসিফ নজরুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১২:৪০ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ইতোমধ্যে উপদেষ্টাদের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের।
ড. আসিফ নজরুল জানিয়েছেন, জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকা দরকার, ততদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। শনিবার (১০ আগস্ট) সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘সরকারের মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। দুটি জিনিস আপনারা মাথায় রাখবেন দয়া করে- রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। আবার এ দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এ সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়।’
উপদেষ্টা বলেন, ‘আমরা অতীতে দেখেছি পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণকে নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি। এসব প্রতিষ্ঠানে কিছু কিছু ভালো মানুষ আছেন। কিন্তু সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে ভিন্নমত পোষণকারী মানুষ, মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য প্রতিষ্ঠানগুলো আতঙ্কে পরিণত হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘এগুলোর সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে। সংস্কারের আকাঙ্ক্ষা ও নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকার কথা ততদিন আমরা থাকবো। বেশিও না কমও না।’
আরো পড়ুন : প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে উত্তাল হাইকোর্ট
