নারী এশিয়ান কাপ
ভিএআরে বাতিল উত্তর কোরিয়ার ২ গোল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৯:১৬ এএম
ছবি : সংগৃহীত
নারী এএফসি নারী এশিয়ান কাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সুবিধা পাচ্ছে দলগুলো। এই প্রযুক্তির সুবিধা প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচে দুইবার ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়েছে উত্তর কোরিয়া নারী ফুটবল দলের গোল।
ম্যাচের শুরুতে বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলতে নামলেও এতে মিডফিল্ড ও রক্ষণে বেশি জায়গা পায় উত্তর কোরিয়া। শুরু থেকেই বাংলাদেশের রক্ষণভাগ চাপে ছিল। এ সময় গোলরক্ষক মিলি আক্তার দুর্দান্ত দুটি সেভ করে দলকে বিপদ থেকে রক্ষা করেন।
ম্যাচের ১৪ মিনিটে সংঘবদ্ধ আক্রমণ থেকে গোল করে উত্তর কোরিয়া। শুরুতে বাংলাদেশ খুব একটা প্রতিবাদ না করলেও কিক-অফের আগে গোলটি ভিএআরে পরীক্ষা করা হয়।
আরো পড়ুন : বিশ্বকাপের আগে বড় ধাক্কা: ছিটকে গেলেন রদ্রিগো
পুনরায় যাচাইয়ে দেখা যায়, গোলের আগে কোরিয়ান এক ফুটবলারের হ্যান্ডবল হয়েছে। বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকারের ক্লিয়ারেন্স প্রতিপক্ষ খেলোয়াড়ের হাতে লাগে। ফলে রেফারি হ্যান্ডবলের সিদ্ধান্ত দিয়ে গোলটি বাতিল করেন।
এই সিদ্ধান্তে সিডনি স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্যে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে। গোল বাতিল হওয়ার পর বাংলাদেশ আরো আত্মবিশ্বাসী ফুটবল খেলতে শুরু করে।
এরপর ২৬ মিনিটে কর্নার থেকে আবারও গোল করে উত্তর কোরিয়া। তবে এ সময় বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বলটি গ্রিপে রাখার পরও কোরিয়ান এক ফুটবলার শট নিয়ে বল জালে পাঠান। বাংলাদেশের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে আপত্তি জানান।
পরে ভিএআরের সহায়তায় পরিস্থিতি পর্যালোচনা করে রেফারি ফাউলের সিদ্ধান্ত দেন এবং দ্বিতীয় গোলটিও বাতিল করা হয়।
