বিশ্বকাপের আগে বড় ধাক্কা: ছিটকে গেলেন রদ্রিগো
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:১৬ এএম
ছবি : সংগৃহীত
বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ পেল ব্রাজিল। হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রদ্রিগো। গুরুতর এই চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে বিশ্বকাপের মঞ্চে আর দেখা যাবে না এই ফরোয়ার্ডকে—যা বড় ধাক্কা হয়ে এসেছে ব্রাজিল জাতীয় দলের ও তার ক্লাব রিয়াল মাদ্রিদের জন্য।
ক্লাবের হয়ে বাকি মৌসুমে এবং ব্রাজিলের হয়ে আগামী বিশ্বকাপে খেলতে পারবেন না এই ফরোয়ার্ড। ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ গত মঙ্গলবার এক বিবৃতিতে ২৫ বছর বয়সি এই ফুটবলারের চোটের কথা জানায়। পেশির চোটে এক মাসের বেশি সময় বাইরে থাকার পর, গত সোমবার গেতাফের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচ দিয়ে মাঠে ফেরেন রদ্রিগো।
লা লিগার ম্যাচটিতে ৫৪ মিনিটে বদলি নামানো হয় তাকে। ৬৬ মিনিটে বাম উইংয়ে প্রতিপক্ষ চ্যালেঞ্জ জানালে আরও দ্রুত এগোতে গিয়েই বিপত্তি বাধান তিনি। ব্যথা থাকলেও অবশ্য শেষ পর্যন্ত খেলা চালিয়ে যান এই তারকা।
পরদিন পরীক্ষায় তার গুরুতর চোট ধরা পড়েছে। রিয়াল মাদ্রিদ বিবৃতিতে জানায়, রদ্রিগোর ডান পায়ের সামনের অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং বাইরের মেনিস্কাস ছিঁড়ে গেছে। সেরে উঠতে কত দিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু বলা হয়নি ক্লাবের পক্ষ থেকে। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, ১০ থেকে ১২ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে রদ্রিগোকে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ^কাপে খেলা হচ্ছে তার।
