যে কারণে সকালে খালিপেটে কাঁচা হলুদ খাবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:১৪ এএম
ছবি: সংগৃহীত
প্রতিদিনের সুস্থ জীবনযাপনে প্রাকৃতিক উপাদানের গুরুত্ব নতুন করে বলার কিছু নেই। এমনই একটি ভেষজ উপাদান হলো কাঁচা হলুদ, যা বহুদিন ধরেই আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে অল্প পরিমাণ কাঁচা হলুদ খাওয়ার অভ্যাস শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে সহায়ক হতে পারে।
কাঁচা হলুদের অন্যতম প্রধান উপাদান কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসজনিত সংক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে। ফলে মৌসুমি সর্দি-কাশির মতো সমস্যা কমাতে এটি কার্যকর ভূমিকা রাখে।
এছাড়া, খালিপেটে কাঁচা হলুদ খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়। এটি হজম এনজাইম সক্রিয় করে, ফলে অ্যাসিডিটি, পেট ফাঁপা কিংবা বদহজমের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। নিয়মিত গ্রহণ করলে অন্ত্রের কার্যক্ষমতাও ভালো থাকে।
শুধু ভেতরের সুস্থতা নয়, ত্বকের যত্নেও কাঁচা হলুদের ভূমিকা উল্লেখযোগ্য। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে বিষাক্ত উপাদান বের করে দিতে সহায়তা করে, যা ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও সতেজ রাখে।
একই সঙ্গে, এটি শরীরের প্রদাহ কমাতেও কার্যকর। যারা গাঁটের ব্যথা বা বাতের সমস্যায় ভুগছেন, তাদের জন্য কাঁচা হলুদ কিছুটা উপশম দিতে পারে।
সতর্কতা
তবে উপকারিতা থাকলেও কাঁচা হলুদ অতিরিক্ত খাওয়া উচিত নয়। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক সমস্যা, পিত্তথলির জটিলতা বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে নিয়মিত খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সূত্র : আনন্দবাজার
