গুঞ্জনের অবসান: ভাইরাল ক্লিপ নিয়ে ব্যাখ্যা দিলেন হিবা বুখারী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৯ পিএম
ছবি : সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিবা বুখারী কে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি একটি পুরোনো পাকিস্তান টিভি (পিটিভি) ক্লিপ ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে জোর আলোচনা চলছে—ভিডিওতে দেখা ছোট মেয়েটি কি সত্যিই হিবা বুখারী?
ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা-কল্পনা। অনেকেই দাবি করছেন, এটি অভিনেত্রীর শৈশবের দৃশ্য, আবার কেউ কেউ তুলেছেন সন্দেহ। অবশেষে ভাইরাল সেই পুরোনো ক্লিপ নিয়ে মুখ খুলেছেন হিবা নিজেই, জানিয়েছেন আসল সত্য।
রমজানের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে হিবা নিশ্চিত করেছেন যে, ভিডিওতে দেখা যাওয়া ছোট মেয়েটি সত্যিই তিনি নিজে। তিনি জানিয়েছেন, ওই ক্লিপের সময় তিনি প্রায় ৭ম বা ৮ম শ্রেণিতে পড়তেন এবং ভিডিওটি ২০১১ সালের। ওই অনুষ্ঠানটি দেখার জন্য তার পরিবার তাকে সঙ্গে নিয়ে গিয়েছিল, কারণ তারা পিটিভির টেকনিক্যাল বিভাগের কারও সঙ্গে পরিচিত ছিলেন।
হিবা শৈশবের স্মৃতিচারণ করে জানান, তিনি প্রায়ই পরিবারের সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুশায়রা ও সঙ্গীতানুষ্ঠানে যেতেন। ভাইরাল হওয়া মুহূর্তটি তার সেসব ছোটবেলার বহু স্মৃতির একটি মাত্র।
অনলাইন চর্চার প্রসঙ্গে হিবা বলেন, তিনি তার বয়স প্রকাশ করতে কোনো লজ্জা বোধ করেন না। তিনি স্পষ্ট করেছেন, তার বয়স গোপন করার কোনো কারণ নেই।
বর্তমানে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী হিসেবে পরিচিত হিবা বুখারী, গত পাঁচ বছরে অনেক হিট নাটকে অভিনয় করেছেন। তার এবং দানিশ তাইমুর এর জুটিকে ভক্তরা খুবই পছন্দ করেন এবং তারা আবারও আসন্ন নাটক ‘হুমরাহী’ তে একসঙ্গে দেখা যাবে।
