রায়হান রাফির সিনেমায় কাজ করছেন দেব!
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ০২:৫১ পিএম
রায়হান রাফির সিনেমায় কাজ করছেন দেব। ছবি: সংগৃহীত
এক সপ্তাহ আগে ভারতে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘তুফান’। ঈদুল আযহা উপলক্ষে এর আগে বাংলাদেশে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পরপরই তা বক্স অফিসে আলোড়ন তোলে। যদিও পশ্চিমবঙ্গে সিনেমাটি মুক্তির পরে তেমন সাড়া পায়নি। এর মধ্যেই টালিউডে গুঞ্জন রায়হান রাফির সঙ্গে কাজ করতে চাইছেন সুপারস্টার দেব ও জিৎ।
ইন্ডাস্ট্রিতে খবর ছড়িয়েছে, জিৎ ও দেবের পক্ষ থেকে ইতোমধ্যেই নাকি পরিচালক রায়হান রাফির কাছে নতুন কাজের প্রস্তাব গিয়েছে। যদিও পরিচালক রাফি এখনো কাউকেই নিজের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি।
এই প্রসঙ্গে জিত প্রকাশ্য কিছু না বললেও দেব কিন্তু বিষয়টি নিয়ে ইতোমধ্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। রবিবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রসঙ্গে একটি পোস্ট করেছেন দেব। ইনস্টাগ্রাম স্টোরিতেও তিনি খবরটি ভাগ করে নিয়েছেন ভক্ত ও অনুসারীদের সঙ্গে। সেখানে দাবি করা হয়েছে রায়হান রাফি দেব ও জিতের সঙ্গে কাজ করতে রাজি।
দেব লিখেছে- ‘খবরটা মোটেই সত্যি নয়। তবুও আমার পক্ষ থেকে ওর জন্য শুভেচ্ছা।’
লোকসভা নির্বাচনের জন্য মাঝে অভিনয় থেকে কয়েক মাসের বিরতি নিয়েছিলেন দেব। ভোট শেষে তাই আবারো ফিরেছেন অভিনয়ে। আটকে থাকা কাজগুলোই আগে শেষ করবেন।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এই মুহূর্তে দেবের যে ব্যস্ততা, তাতে আরো একটি নতুন ছবি নিয়ে আলাদা করে সময় বের করা খু্বই কঠিন। আগামী ৯ জুলাই থেকে কলকাতায় ‘খাদান’ ছবির শেষ পর্বের শুটিং শুরু করবেন তিনি। চলতি মাসের শেষ পর্যন্ত চলবে ছবির শুটিং।
‘খাদান’-এর পর প্রযোজক অতনু রায়চৌধুরী এবং পরিচালক অভিজিৎ সেনের নতুন ছবির ঘোষণা হতে পারে। এই ছবিতেও থাকছেন দেব। ছবিটি বছরের শেষে মুক্তি পেতে পারে। অন্য দিকে, পুজোয় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে দেব নিয়ে আসছেন ‘টেক্কা’। তাই রাফির নতুন ছবি নিয়ে এখনো দেবের কোনো ভাবনা না থাকাটাই স্বাভাবিক বলে মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ। অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, এখনো এ রকম কোনো সম্ভাবনা তৈরি হয়নি বলেই অভিনেতা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। নতুন ছবি চূড়ান্ত হলে, দেব তা মোটেই আড়াল করেন না।
এর আগে ‘তুফান’ ছবির মুক্তি উপলক্ষে কলকাতায় পৌঁছেই রায়হান রাফি জানান এপার বাংলার সুপারস্টারদের সঙ্গে তিনি করতে ইচ্ছুক। সুতরাং আগামী দিনে রাফির সিনেমাতে দেব থাকবেন কিনা, তা জানার জন্য আপাতত অপেক্ষা করতে হবে।
আরো পড়ুন: মুক্তি পেয়েছে ‘মা কালি’র টিজার
