এসএসসি শিক্ষার্থীরা ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদনের শেষ সময় ৭ মে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৩:১১ পিএম
ছবি: সংগৃহীত
আর্থিক স্বচ্ছলতার অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ভর্তি সহায়তা দেওয়া হচ্ছে। উচ্চমাধ্যমিক ও সমমান (একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষ) পর্যায়ের শিক্ষার্থীরা ৬ হাজার টাকা করে ভর্তি সহায়তা পাবেন।
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, '২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।'
নতুন সময়সূচি অনুযায়ী, 'আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর আগে আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল, যা বাড়িয়ে ৭ মে নির্ধারণ করা হয়েছে।'
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।'
ট্রাস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৪ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮ হাজার টাকা হারে ভর্তি সহায়তা দেওয়া হচ্ছে।
