নতুন কর্মসূচি দিল কোটা সংস্কার আন্দোলনকারীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নতুন কর্মসূচি দিল কোটা সংস্কার আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার ( ৩০ জুলাই) মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা অনলাইনে প্রচারের কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকারের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নতুন এ কর্মসূচির বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, গতকাল ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, নোয়াখালী, রাজশাহী, বরিশাল, খুলনা, যশোর, ঠাকুরগাঁওসহ সারাদেশে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ সফল হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবিগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করার জন্য শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী ও গণমানুষের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থীরা।
এতে আরো বলা হয়েছে- চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছে। তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এ অবস্থায় শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্য রাতে বাসাবাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নেয়া হচ্ছে। একই সঙ্গে তাদের ওপর রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে।
আরো পড়ুন: ঢাবি প্রশাসনের পদত্যাগসহ ১১ দফা দাবি সাদা দলের
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও দেশের জনসাধারণের কাছে কর্মসূচি সফলে সহযোগিতার আহ্বান জানানো হয়।
