×

অর্থনীতি

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

ছবি- সংগৃহীত

মোবাইল ইন্টারনেটের অব্যবহৃত ডেটা ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই বলে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব।

অব্যবহৃত ডেটা ব্যবহার করতে চাইলে প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কিনতে হবে- এমনটাই পদ্ধতি বলে জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৭ এপ্রিল) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাক-বাজেট আলোচনায় ‘মেয়াদ শেষে মোবাইল ফোনের ডেটা কেন ফেরত দেওয়া হচ্ছে না’ —এমন প্রশ্নের জবাবে এমটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার চৌধুরী একথা বলেন।

এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, ‘আপনারা বিভিন্ন মেয়াদের বিভিন্ন প্যাকেজ অফার করেন। অনেক সময় এসব প্যাকেজের পুরো ডেটা ব্যবহার হয় না। মেয়াদ শেষে দেখা যাচ্ছে অধিকাংশ ডেটা অব্যবহৃত থেকে যাচ্ছে, যা আপনারা বাতিল করে দিচ্ছেন। বিষয়টি সাধারণ গ্রাহকের জন্য অত্যন্ত বিব্রতকর। গ্রাহক ডেটার জন্য অর্থ দিচ্ছে কিন্তু তা ব্যবহার করতে পারছে না। এই বিষয়টি আপনারা কীভাবে সমাধান করবেন, তা আমাদের জানান।’

এমন প্রশ্নের জবাবে এমটবের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা যখন প্যাকেজের সময় ও পরিমাণ নির্ধারণ করে দিই, গ্রাহক তখন সতর্কতার সঙ্গেই প্যাকেজটি কেনেন। কোনো কারণে যদি তিনি নির্দিষ্ট সময়ে ডেটা খরচ করতে না পারেন, তবে মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ পুনরায় কিনলে সেটি ক্যারি-ফরওয়ার্ড বা যোগ হয়। এর বাইরে অন্য প্যাকেজে বা নির্দিষ্ট সময়ের পর অব্যবহৃত ডেটা ফেরত দেওয়া সম্ভব নয়।’

এমটব আরও জানায়, ‘বাংলাদেশে প্রচলিত ডেটা দুই ধরনের— একটি আইএসপি প্রদত্ত ফিক্সড ব্রডব্যান্ড এবং অন্যটি মোবাইল ইন্টারনেট। মোবাইল ইন্টারনেটের ডেটা আমরা প্যাকেজ ভিত্তিক দিয়ে থাকি। এটি কতটুকু ভলিউম এবং কতদিন মেয়াদ- তার ওপর নির্ভর করে।’

বর্তমান সরকার ডিজিটাল সংযোগকে গুরুত্ব দিলেও টেলিকম সেবায় অতিরিক্ত কর আরোপ করা হয়েছে। বিশেষ করে ২০ শতাংশ সম্পূরক শুল্ক (এসডি) ও ১ শতাংশ সারচার্জ ভোক্তাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে। এমটব এই শুল্ক ও সারচার্জ তুলে দেওয়ার প্রস্তাব দেয়।

সিম ও ই-সিমে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাবও করে সংগঠনটি। আর ওটিটি প্ল্যাটফর্ম সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে এমটবের পক্ষ থেকে বলা হয় যে, তাতে এর ব্যবহার আরও বৃদ্ধি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে’

‘অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ খাতকে আইসিইউতে পাঠিয়ে দিয়েছে’

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

অব্যবহৃত মোবাইল ডেটা ফেরতের ‍সুযোগ নেই: এমটব

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

‘জুলাই সনদের ওপর আলোচনা অপ্রয়োজনীয়’ মন্তব্য নিয়ে সংসদে হট্টগোল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App