৯ দিনে রেমিট্যান্স এলো কত, জানালো বাংলাদেশ ব্যাংক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম
৯ দিনে রেমিট্যান্স এসেছে ৭ হাজার ৮৬০ কোটি টাকা। ছবি: সংগৃহীত
শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অস্থিতিশীল সংকট কাটিয়ে রেমিট্যান্স বা প্রবাসী আয় প্রবাহ বাড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ৭ হাজার ৮৬০ কোটি টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ২৮ লাখ ডলার রেমিট্যান্স। রবিবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, চলতি নভেম্বরের প্রথম ৯ দিনে দেশে এসেছে ৬৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। আর অক্টোবরের একই সময়ে দেশে এসেছিল ৭৩ কোটি ৯৮ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে কমেছে রেমিট্যান্স প্রবাহ।
নভেম্বরের প্রথম ৯ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯ কোটি ৯৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৪২ কোটি ১৯ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স।
তবে এ সময়ের মধ্যে কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১১টি। এসব ব্যাংকের মধ্যে রয়েছে- রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাবাক)। বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে- কমিউনিটি ব্যাংক, সিটিজেনস ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, পদ্মা ব্যাংক ও সীমান্ত ব্যাংক। এছাড়া বিদেশি খাতের মধ্যে রয়েছে ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
আরো পড়ুন: আরো বেশি দেশের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি করবে সরকার: বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নভেম্বরের ৩ থেকে ৯ তারিখের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৬১ কোটি ২৫ লাখ ৮০ হাজার ডলার। আর ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ২৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
এর আগে গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম আয় ছিল।
তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।
এছাড়া গত সেপ্টেম্বরে দেশে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। আর অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
এর আগে দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। বছরওয়ারি হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২১ অর্থবছরে। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার। এছাড়া চলতি বছরের জুন মাসে ব্যাংকিং চ্যানেলে মোট ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে।
