২৪ ঘণ্টায় অবস্থার অবনতি, ডায়রিয়ায় প্রাণ গেল শিশুর
কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ পিএম
ছবি: নিহত শিশু তাথৈ
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর সদরের কালিবাবু রোড এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাথৈ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাথৈ আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাক্ শ্রেণির শিক্ষার্থী এবং স্থানীয় চিকিৎসক ডা. চঞ্চল বিশ্বাসের একমাত্র কন্যা। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তাঁর বাবা-মা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। পরে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কান্নাজড়িত কণ্ঠে তাথৈর বাবা ডা. চঞ্চল বিশ্বাস বলেন, “আমি প্রতিদিন অনেক রোগীকে সুস্থ করে তুলি, কিন্তু নিজের সন্তানকে বাঁচাতে পারলাম না, এই কষ্ট কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার সবকিছু যেন শেষ হয়ে গেল।”
মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, “আমার মেয়েটা একটু আগেও আমার কোলে ছিল, এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে, কখনো ভাবিনি। আমার বুকটা শূন্য হয়ে গেল।”
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসের উদ্দিন টিটো বলেন, “তাথৈ খুবই হাসিখুশি ও মিষ্টি স্বভাবের শিশু ছিল। প্রতিদিন হাসিমুখে ক্লাসে আসত। আজ তার খালি বেঞ্চটি আমাদের মনে করিয়ে দিচ্ছে—সে আর কোনোদিন ফিরবে না। একজন শিক্ষকের জন্য এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না।”
এ ঘটনায় পুরো আলফাডাঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একটি শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, মাত্র একদিনের ব্যবধানে একটি শিশুর মৃত্যু মেনে নেওয়া কঠিন। ডায়রিয়ার মতো রোগকেও অবহেলা না করার আহ্বান জানিয়েছেন তাঁরা। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এলাকাবাসী সবার কাছে প্রার্থনা ও সহমর্মিতা কামনা করেছেন।
