ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ নজরদারি র্যাবের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৫:২২ পিএম
ছবি: সংগৃহীত
ঈদের ছুটিতে নাড়ির টানে ঘরমুখো হচ্ছে মানুষ। ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও টহলসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-১১।
বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
জানা যায়, ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষ বাড়ি ফিরতে শুরু করায় মহাসড়কগুলোতে পরিবহনের চাপ বেড়েছে। ফলে যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে নানা তৎপরতা শুরু করে র্যাব-১১ ব্যাটেলিয়ান।
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহনগুলোতে তল্লাশি ও বিশেষ গোয়েন্দা নজরদারিসহ টহল কার্যক্রম জোরদার করেছে তাদের বেশ কয়েকটি পেট্রল টিম।
এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পেট্রোলিং জোরদার করা হয়েছে। পাশাপাশি চেকপোস্ট বসানো হয়েছে, যাতে যে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।’
তিনি আরও বলেন, ‘ঈদের ছুটিতে মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা ও যানজট নিরসনে র্যাবের নানা তৎপরতা চলছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা করতে র্যাবের সক্ষমতা রয়েছে। মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চাপ থাকলেও কোথাও যানজট নেই। আমরা আশা করছি, মানুষের এবারের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হবে।’
ব্রিফিং শেষে র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন।
