×

ঢাকা

গাজীপুরে মাদ্রাসার ছাত্র খুন, বড়ভাইসহ গ্রেফতার ২

Icon

এম নজরুল ইসলাম, গাজীপুর থেকে

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০১:৩৩ পিএম

গাজীপুরে মাদ্রাসার ছাত্র খুন, বড়ভাইসহ গ্রেফতার ২

ছবি: কাগজ প্রতিবেদক

গাজীপুরে মোবাইলফোন কিনে দেওয়ার বায়না ধরে চিৎকার চেচামেচি করায় মাদ্রাসার ছাত্র এক শিশুকে গভীর শালবনের ভেতর নিয়ে খুন করেছে তার বড়ভাই ও বন্ধুরা। হত্যার পর নিহতের লাশ মাটি চাপা দিয়ে রাখে হত্যাকারীরা। ঘটনার ২৫ দিন পর ওই লাশ উদ্ধার করে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই ও তার এক বন্ধুকে গ্রেফতার করেছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে গাজীপুরের পুলিশ সুপার (এসপি) শরিফ উদ্দীন তাঁর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

নিহতের আব্দু রাহিম (১৩) গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার ডগরী (নয়াপাড়া) এলাকার নুরুল ইসলাম কোহিনূরের ছেলে এবং স্থানীয় নয়াপাড়া এবাদিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

গ্রেফতারকৃতরা হলো নিহতের বড় ভাই আলামিন হোসেন (২৩) এবং একই থানার ডগরী (খাসপাড়া) এলাকার কাজী নজরুল ইসলামের ছেলে আশিক আহমেদ (২০)।

পুলিশ সুপার শরিফ উদ্দীন জানান, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আব্দুর রাহিম নিখোঁজ হয়। সম্ভাব্য সবস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ৩ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা। নিখোঁজের প্রায় ২৫ দিন পর গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় শালবনের ভিতর একটি রিসোর্টের পাশে আংশিক মাটি চাপা দেওয়া শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় কয়েকজন কিশোর টিকটক ভিডিও করতে শালবনের ভেতরে গেলে তারা তীব্র দুর্গন্ধ অনুভব করে। ওই দুর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে লাশের সন্ধান পান তারা। নিহতের পোশাক দেখে ভিকটিম আব্দুর রাহিমকে সনাক্ত করেন তার বাবা নুরুল ইসলাম কোহিনূর। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় নানা তথ্য প্রমাণের ভিত্তিতে নিহতের বড় ভাই আলামিন হোসেন (২৩) ও তার বন্ধু আশিক আহমেদকে (২০) মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাবাদ শেষে আদালতে সোপর্দ করা হলে গ্রেফতারকৃতরা নিজেদেরকে হত্যার সঙ্গে জড়িয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।

তিনি আরো জানান, ভিকটিম আব্দুর রাহিম মোবাইল কিনে দেওয়ার জন্য তার পিতার কাছে বায়না ধরে চিৎকার চেচামেচি করে। এ বিষয়টি তার ভাই আলামিন হোসেন দেখতে পেয়ে ছোট ভাইকে ভয় দেখানোর জন্য বন্ধু আশিক ও সুমনের সাথে পরিকল্পনা করে। এর প্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি বিকেলে ছোটভাই আব্দুর রাহিমকে শালবনের গভীরে নিয়ে যায় আলামিন ও তার বন্ধুরা। পরিকল্পনার অংশ হিসাবে আসামীরা ভিকটিম রাহিমকে মাফলার দিয়ে গজারী গাছের সাথে বাঁধে এবং মুখ স্কচটেপ দিয়ে পেঁচায়। একপর্যায়ে ভাই আলামিন রাহিমকে চড়-থাপ্পর মেরে মুখের স্কচটেপ খুলে দেয়। এসময় রাহিম বাবার কাছে পুরো ঘটনা বলে দেওয়ার কথা বললে ভয় পেয়ে রাহিমকে হত্যার সিদ্ধান্ত নেয় আলামিন ও তার বন্ধুরা। আলামিন ভিকটিম ছোট ভাই রাহিমকে মাটিতে ফেলে গলাটিপে হত্যা করে। পরে নিহতের লাশ গুম করার উদ্দেশ্যে পাশেই গর্ত করে মাটি চাপা দেয়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তারা নিহতের গায়ের জ্যাকেটটি পার্শ্ববর্তী বড়চালা এলাকার তিন রাস্তার মোড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে গ্রেফতারকৃতরা জানিয়েছে। নিখোঁজের পর থেকেই বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত রহস্য উদ্ঘাটন সম্ভব হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লিপি রানী সিনহা উপস্থিত ছিলেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে

মহান মে দিবস আজ দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে

দর পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে

দর পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে

ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের পূর্বাভাস

দুপুরে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

দুপুরে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App