×

ঢাকা

নরসিংদীতে কিশোরী হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ এএম

নরসিংদীতে কিশোরী হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

দেশজুড়ে আলোচিত নরসিংদীর মাধবদীতে কিশোরী ধর্ষণ ও বিচার দাবি করায় বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হযরত আলীকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশের সহযোগিতায় গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন করিম। তিনি জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করার পর নরসিংদী ডিবি পুলিশের একটি দল গৌরীপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালায়। অভিযানে হযরত আলীকে গ্রেপ্তার করে রাতেই নরসিংদীর উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গোপীনাথ গ্রামে আত্মগোপনে ছিলেন হযরত আলী। গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, আত্মগোপন নিশ্চিত করতে চতুর কৌশল অবলম্বন করেন তিনি। নিজের ব্যবহৃত মোবাইল সিম প্রায় ২০ কিলোমিটার দূরে ফেলে রেখে অবস্থান গোপন করার চেষ্টা করেন। পরে অচিন্তপুর ইউনিয়নের ছিলিমপুরের সোহাগবাজার এলাকার একটি চায়ের দোকানে চা পান করার সময় ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মাধবদী উপজেলার মহিষাগুড়া ইউনিয়নের বিলপার এলাকার একটি সরিষা ক্ষেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী পরিবারসহ বিলপার এলাকায় বসবাস করতেন। তার বাবা একটি টেক্সটাইল কারখানার শ্রমিক।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নুরা নামের এক তরুণের সঙ্গে কিশোরীর কথাবার্তা ছিল। প্রায় ১৫ দিন আগে বাসায় ফেরার পথে নুরার নেতৃত্বে পাঁচ থেকে ছয়জন তরুণ কিশোরীর মুখ চেপে ধরে তুলে নিয়ে যায় এবং ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার বিচার চেয়ে পরিবার মহিষাগুড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আহমদুল্লার শরণাপন্ন হয়। তবে তারা কোনো বিচার পায়নি, বরং এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগ করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে নুরাসহ সংশ্লিষ্ট তরুণরা।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে কিশোরীর বাবা মেয়েকে খালার বাসায় রেখে আসতে যাচ্ছিলেন। পথে বিলপার এলাকায় পৌঁছালে নুরাসহ ছয় তরুণ তাদের পথরোধ করে এবং বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে যায়।

পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার সকালে বিলপার ও দড়িকান্দি এলাকার মাঝামাঝি একটি সরিষা ক্ষেতে কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বাবা অভিযোগ করে বলেন, নুরার নেতৃত্বে পাঁচ-ছয়জন লোক আমার কাছ থেকে মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়। আমরা রাতভর খুঁজেও তাকে পাইনি। সকালে জানতে পারি, আমার মেয়ের লাশ পাওয়া গেছে। আমার সন্তান হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে জানা গেছে কিশোরীর সঙ্গে নুরার প্রেমের সম্পর্ক ছিল, যা মেয়েটির পরিবার মেনে নেয়নি। বুধবার রাতে বাবার কাছ থেকে নুরা তাকে নিয়ে যায় বলে তথ্য পাওয়া গেছে। পরদিন সকালে মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App