আবারো রিমান্ডে ডিজিএফআইয়ের মাঞ্জিল হায়দার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: ফাইল ফটো
জুলাই আন্দোলনের সময় রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস রিমান্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের তথ্য জানান।
গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার (১০ এপ্রিল) তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) তাকে আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।
দুই দফায় সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন তালুকদার।
রাষ্ট্রপক্ষে ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন অ্যাডভোকেট কামাল হোসেন। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নিউমার্কেটের নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়।
