চট্টগ্রাম
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নিহত বেড়ে ৪
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৯ এএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর হালিশহরে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ আশুরা আক্তার পাখি (৩০) নামের এক নারী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জাইন্সটিটিউটে মারা যাওয়ায় মৃতের মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জন।
হালিশহরের একটি বাসায় সোমবার ভোরে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছিলেন নিহতরা।
গুরুতর দগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই ঢাকায় নেয়া হয়েছিল।
ঢাকা আনার পথে সোমবার রাতেই মারা যান ৪০ বছর বয়সী নুরজাহান আক্তার রানী। পরদিন মঙ্গলবার সকাল ৭টার দিকে মারা যান তার ১৬ বছর বয়সী ছেলে শাওন। আর মঙ্গলবার বেলা ১২টার দিকে ৪০ বছর বয়সী সামির আহমেদের মৃত্যু হয়।
বার্ন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের মধ্যে ৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৪টায় হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। তারপর শরীরে আগুন নিয়ে ঘর থেকে একে একে সবাই বের হয়ে আসেন বলে প্রতিবেশীরা জানিয়েছিলেন। দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ ৯ জন দগ্ধ হন। সেহেরি শেষ হওয়ার আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রানী, শাওন, সামির, পাখি ছাড়া দগ্ধ অন্যরা হলেন- রানীর স্বামী সাখাওয়াত (৪৬), তার আরেক সন্তান উম্মে আইমান স্নিগ্ধা (১০), আয়েশা (৪) ও ফারহান আহমেদ আনাছ (৬) এবং সাখাওয়াতের আরেক ভাই শিপন হোসাইন (৩১)।
