তথ্যমন্ত্রী স্বপন
গণতন্ত্র ছাড়া গণমাধ্যম চলবে না
সঞ্জয়য় কুমার পাল, গৌরনদী (বরিশাল) থেকে
প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৮ পিএম
ছবি : প্রতিবেদক
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, গণতন্ত্র ছাড়া গণমাধ্যম চলবে না। সাংবাদিক মহলের নিরাপত্তা ও বেতন কাঠামোর ব্যবস্থা করা হবে। আমাদের দায়িত্ব ভোগ করার জন্য নয়; আমাদের দায়িত্ব জনগণের সেবা নিশ্চিত করা। গত ৫০ বছরে ক্ষমতার পরিবর্তন দেখতে দেখতে জনগণ ক্লান্ত হয়ে পড়েছে। আর না—প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বৃহৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি। সেই পরিকল্পনা অনেক বিস্তৃত; তবে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে তা বাস্তবায়নে হাত দিয়েছি। পরিকল্পনার অগ্রাধিকারের মধ্যে রয়েছে নারী অধিকার নিশ্চিতকরণ, ফ্যামিলি কার্ড প্রদান, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষকদের ঋণ মওকুফ ও কার্ড প্রদান।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের গৌরনদী উপজেলার শরিকল গ্রামে খাল পুনঃখনন উদ্বোধন, দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে উপজেলা ভোটকেন্দ্রভিত্তিক নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভা এবং বিকেলে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা (উত্তর) বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, সাবেক সভাপতি শরীফ জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, সরকারি গৌরনদী কলেজের সাবেক ভিপি জাকির হোসেন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রুবেল গোমস্তা প্রমুখ।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, আমাদের সরকার তারেক রহমানের সরকার। আমরা ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রকল্প হাতে নিয়েছি। আমাদের মেয়াদকালে এই কাজ শেষ করতে চাই। প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, শিল্পায়নের কারণে বনায়ন ও সবুজায়ন কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে জলবায়ু ও পরিবেশের ওপর। তাই বনায়ন ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি সমন্বিতভাবে গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আরও বলেন, তারেক রহমানকে ১৭ বছর দেশের বাইরে রাখা হয়েছিল। ১৭ বছর পর তিনি দেশে আসার মাত্র ৫৭ দিনের মধ্যেই জনগণ তাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, জাতির নেতা বানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিলেন, আমরা ক্ষমতায় আসার পরই সেগুলোর বাস্তবায়নে হাত দিয়েছি। সেই পরিকল্পনার মধ্যে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম। এরই অংশ হিসেবে আজ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএডিসির (বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্প) প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বরিশাল বিএডিসির সহকারী প্রকৌশলী এস এম আতাই রাব্বি এবং গৌরনদী বিএডিসির উপসহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।
