রায়গঞ্জ প্রেসক্লাবে নতুন কমিটি সভাপতি আব্বাসী, সম্পাদক মুক্তাদীর
মো: পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) থেকে
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী রায়গঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে দৈনিক মানবজমিনের প্রতিনিধি আলী হায়দার আব্বাসী সভাপতি এবং প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি গোলাম মুক্তাদীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সভায় সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আতিক মাহমুদ আকাশের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলী হায়দার আব্বাসীর সঞ্চালনায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়।
নতুন কমিটিতে সহসভাপতি আতিক মাহমুদ আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন তালুকদার আরাফাত, দপ্তর সম্পাদক শিহাবুল আলম সায়েম ও অর্থ সম্পাদক আব্দুল লতিফ দায়িত্ব পেয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম আবির। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কেএম রফিকুল ইসলাম, এইচএম মোনায়েম খান ও এম আবু হাসেম মনি।
নবনির্বাচিত সভাপতি আলী হায়দার আব্বাসী বলেন, রায়গঞ্জ প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি স্থানীয় সাংবাদিকদের ঐক্যের প্রতীক। আমরা পেশাগত মর্যাদা রক্ষা, নৈতিক সাংবাদিকতা চর্চা এবং সদস্যদের কল্যাণে কাজ করব।
সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদীর বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোই হবে আমাদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের পরিবেশ নিশ্চিত করতে প্রেসক্লাবকে সক্রিয় ও কার্যকর করা হবে।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।
