নিখোঁজের ৩ দিন পর পদ্মা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় পদ্মা নদী থেকে আব্দুর রহিম (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করেন।
নিহত আব্দুর রহিম শিবগঞ্জ উপজেলার দুলভপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা গ্রামের আকম উদ্দিনের ছেলে। তিনি গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের ধারণা, ভারতের সীমান্ত পেরিয়ে গরু আনা–নেওয়ার সময় পদ্মা নদীতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত হয়নি।
দুলভপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। কেউ কেউ বলছেন, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিনি আটক হয়েছিলেন—এমন কথাও শোনা গেছে। তবে বিষয়টি নিশ্চিত নয়। সীমান্তবর্তী এলাকায় মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, কিছুদিন আগে আব্দুর রহিমের ভাই ইব্রাহিমকেও একইভাবে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর পদ্মা নদী থেকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি তাদের কানে এসেছে। তবে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
