যেভাবে আটক হয় অবৈধ ভারতীয় মহিষ
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০৬:৫৬ পিএম
ছবি: ভোরের কাগজ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে পাচার হয়ে আসছে ভারতীয় মহিষ। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে চোরাকারবারিরা ভারত থেকে অবৈধভাবে মহিষের চালান নিয়ে আসছে।
শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কামিলপুর এলাকায় বিজিবি সদস্যরা ৯টি ভারতীয় চোরাই মহিষ আটক করেছে। আটক হওয়া এ মহিষের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, চোরাকারবারিরা শুক্রবার রাতে বড়লেখার পাথারিয়া পাহাড় সীমান্ত পথে অর্ধশতাধিক ভারতীয় চোরাই মহিষের চালান নেয় আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসিটিলা বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার সিরাজুল ইসলাম ও জুড়ী কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার হারুনুর রশীদের নেতৃত্বে রাতেই অভিযান শুরু করে বিজিবি।
পরে স্থানীয়দের সহায়তায় শুক্রবার ভোররাতে বিজিবি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কামিলপুর এলাকা থেকে ৯টি ভারতীয় চোরাই মহিষ আটক করেন। এর আগে বিজিবির অভিযান টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা ।
আরো পড়ুন: ‘দেখ তাসরিফ, প্রধানমন্ত্রীর চোখে পড়ার এটাই সুবর্ণ সুযোগ’
বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসিটিলা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজুল ইসলাম ভোরের কাগজকে জানান, আটক ভারতীয় চোরাই মহিষগুলোর আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ২০ হাজার টাকা। মহিষগুলো আটকের পর ক্যাম্পে নেয়া হয়েছে। সোমবার কাস্টমসের মাধ্যমে প্রকাশ্যে নিলামে এগুলো বিক্রি করা হবে।
