অস্ত্রের মুখে জিম্মি করে তিনজনকে অপহরণ করল সন্ত্রাসীরা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম
ফাইল ছবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীদের হানায় তিন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত একটি রাবার বাগানে এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন—টেকনাফের শফিউল্লাহ কাটা এলাকার মো. ছিদ্দিকের ছেলে নুরুল ইসলাম (২০), আনোয়ারের ছেলে এনামুল হক (২০) এবং খুইল্যা মিয়ার ছেলে হাসান (২০)। তারা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।
বাগান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল স্টাফ কোয়ার্টারে হানা দেয়। দরজা খুলতে বাধ্য করে তারা ভেতরে থাকা নারী-পুরুষসহ ১৩ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তিন শ্রমিককে জোর করে তুলে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী টেপার নুরুল ইসলাম বলেন, “হঠাৎ গভীর রাতে দরজায় শব্দ পেয়ে জেগে উঠি। দরজা খুলতেই মুখোশধারী সশস্ত্র লোকজন আমাদের ওপর চড়াও হয়। অস্ত্রের মুখে তিনজনকে তুলে নিয়ে যায়। আমরা কোনো প্রতিরোধ করতে পারিনি।”
দুর্বৃত্তরা যাওয়ার সময় শ্রমিকদের পাঁচটি মোবাইল ফোন, দুটি দা ও তিনটি টর্চলাইটও নিয়ে যায় বলে জানা গেছে। রাবার বাগানের মালিক আবদুল করিম বান্টু বলেন, “খবর পেয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।”
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “অপহৃতদের উদ্ধারে পুলিশ ও বিজিবির যৌথ অভিযান চলছে। ওই এলাকায় একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের কোনো একটি গ্রুপ এ ঘটনার সঙ্গে জড়িত।”
এর আগে একই এলাকায় অপহরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। তারা আশঙ্কা করছেন, মুক্তিপণের জন্যই এ ধরনের ঘটনা ঘটছে।
