ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট, সেনাসদস্যসহ গ্রেপ্তার ২
মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের মীরসরাইয়ে মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় মো. নাহিদ হোসেন বাবু (২৯) নামে এক সাবেক সেনা সদস্যসহ দু’জনকে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের মিঠাছরা বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন।
গ্রেপ্তারকৃতরা হলো, মীরসরাই সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মান্দার বাড়ীয়া এলাকার মো. মাহফুজ মিয়ার ছেলে সেনাবাহিনীর সাবেক সৈনিক মো. নাহিদ হোসেন বাবু (২৯) ও জোটপুনি এলাকার মরহুম ফরিদ আহাম্মদের ছেলে সাহেদ আহমেদ রিয়াজ (২৩)।
মীরসরাই থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে মো. নাহিদ হোসেনের মুরগির খামার থেকে মুরগি ক্রয় করতে আসেন চট্টগ্রামের জালালিয়া চিকেন সাপ্লাই নামের একটি প্রতিষ্ঠানের ৬ জন কর্মকর্তা। এসময় তাদেরকে কৌশলে মীরসরাই সদর ইউনিয়নের কামার গ্রামের শ্মশান এলাকায় নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে তাদেরকে কুপিয়ে মারাত্মক জখম করে নগদ ৩ লক্ষ ৩ হাজার টাকা ও ৪ টি হ্যান্ডসেট মোবাইল ফোন নিয়ে যায়। এসময় ব্যবসায়ী নাহিদ হোসেন পুলিশকে জানায় আমার ব্যবসার পার্টনারদেরকে কে বা কারা ডাকাতি করে সব টাকা ও মোবাইল নিয়ে যায়। পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে একপর্যায়ে নাহিদ হোসেনকে সন্দেহ হলে তাকে আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী সহযোগী রিয়াজের ঘরে অভিযান চালিয়ে নগদ ১ লক্ষ ২৩ হাজার ৫০০ টাকা, ৩ টি রামদা, ২ টি কালো রংয়ের মুখোশ, ২ টি কালো রংয়ের ক্যাপ এবং ১ টি মোবাইল ফোনসহ সাহেদ আহমেদ রিয়াজকে গ্রেপ্তার করা হয়।
মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘মুরগি ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ডাকাতির ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত সাবেক সেনাসদস্য মো. নাহিদ হোসেন বাবু ও সাহেদ আহমেদ রিয়াজকে গ্রেপ্তারর করে পুলিশ।
এই ঘটনায় চিকেন সাপ্লাই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বুধবার দুপুরে গ্রেপ্তার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে।’
