মেঘনায় অভিযান
১২৭ মণ জাটকা জব্দ, ১০ জেলে আটক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০১:২৭ পিএম
ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে ১২৭.৫ মণ (৫১০০ কেজি) জাটকাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) মধ্যরাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন মেঘনা নদীর হাইমচরের চরভৈরবী সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি করে প্রায় ৩৫ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ১০০ কেজি জাটকা জব্দ করা হয় এবং ১০ জন জেলেকে আটক করা হয়।
পরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরো পড়ুন: মাদারীপুরে ২০ বসতবাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ
জব্দ করা জাটকা চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
জাটকা সংরক্ষণের জন্য মার্চ ও এপ্রিল এই দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকা সরকার অভয়াশ্রম ঘোষণা করেছে। এ সময় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
