দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষণা দীপেন দেওয়ানের
নন্দন দেবনাথ, রাঙ্গামাটি থেকে
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি: কাগজ প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবেনা। দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো ট্রলারেন্স। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে রোড ম্যাপ ঘোষণা করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিক সমাজকে সাথে নিয়ে কাজ করতে চাই। সাংবাদিকরা সমাজের দর্পণ, তারা সমাজের সমস্যা এবং সম্ভাবনা চিহ্নিত করার কারনেই দেশের উন্নয়নসহ সার্বিক বিষয়ে সরকার কাজ করতে পারে।
বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত দীপেন দেওয়ানের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ সভাপতি মো: সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাধারন সম্পাদক মো: মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক মো: সাইফুল ইসলাম পনির, বিএনপি নেতা মানস মুকুর চাকমা, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।
পার্বত্য মন্ত্রী আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্দেশ অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কাজের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম দূর্নীতি মেনে নেয়া হবে না। আমরা দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। পাহাড়ের সাস্প্রদায়িক সম্প্রীতিসহ প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব বিবেচনা রেখে কাজ করবো।
তিনি বলেন, রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিল, ঘাগড়া টেক্সটাইল মিলসহ যেসব প্রতিষ্ঠান অকেজো অবস্থায় রয়েছে সরকারের সাথে আলাপ করে তা পুনরায় চালুর উদ্যোগ নেয়া হবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, পর্যটন, অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে তিন পার্বত্য জেলায় সুষম বন্টনের মাধ্যমে উন্নয়ন কাজ ত্বরান্বিত করা হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় মানে হল, জনগণের আমাদের সেবক হিসেবে কাজ করার দায়িত্ব দিয়েছে। তাই দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ না করে ভুয়া অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে সাংবাদিকদের জানান পার্বত্য মন্ত্রী। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৫০-৬০ জন সাংবাদিক অংশ নেন।
