নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে স্বর্ণালংকার ছিনতাই
নন্দন রায়, সীতাকুণ্ড, চট্টগ্রাম থেকে
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
সীতাকুণ্ডে নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ।
জানাগেছে , আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সন্ধ্যা রানী শর্মা (৫৮) নামে এক নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । এসময় ছিনতাইকারীরা তাকে মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করার পাশাপাশি তার ব্যাগে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনতাই করে নিয়ে গেছে ।
দুপুরে উপজেলার বাড়বকুণ্ড বাজার সংলগ্ন ( বৌদ্ধ মহাশ্মশানের সামনে) এ ছিনতাই এর ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সন্ধ্যা সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার মৃত উমেশ শর্মার কন্যা এবং আজকের পত্রিকার সাংবাদিক সবুজ শর্মা সাখিলের বড় বোন ।
ছিনতাইয়ের শিকার হওয়া আহত সন্ধ্যা রানী শর্মা জানান,তিনি ফেনী শ্বশুরবাড়ি থেকে সীতাকুণ্ডে বাবার বাড়িতে গতকাল বুধবার বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বাড়বকুণ্ড বাজারে যাওয়ার সময় বৌদ্ধ মহাশ্মশান সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই ছিনতাকারী তার গতিরোধ করেন। এসময তারা মাথায় অস্ত্র ঠেকিয়ে কানে থাকা স্বর্ণের দুল,নাক ফুল,ব্যাগে থাকা দশ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এই সময় তাদের বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই যুবকের নাম সামির ও রাজু। তারা বৌদ্ধ মহাশ্মশান সংলগ্ন এ স্থানে প্রতিদিনই অবস্থান নিয়ে ছিনতাই সহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করে চলেছে । মহাসড়কে ডাকাতি,ছিনতাই ও চুরিসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় এ দু’জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তারা।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর জানান,বিষয়টি ভুক্তভোগীর মাধ্যমে তারা জানতে পেরেছেন । এ ঘটনায় অভিযোগ দায়ের করা হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
