ফটিকছড়িতে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
দৌলত শওকত,ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে ৮ প্রার্থীর মধ্যে ৬ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন-নির্বাচনী আইন অনুযায়ী একটি নির্দিষ্ট পরিমাণ ভোট না পেলে প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে এবারের নির্বাচনে ফটিকছড়িতে ৮ প্রার্থীর মধ্যে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হিসেবে বিবেচিত হবে।
যে ৬ প্রার্থী জামানত হারিয়েছেন তারা হলেন- একতারা প্রতীক নিয়ে সুন্নিজোট মনোনীত প্রার্থী শাহাজাদা সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারি। তাঁর প্রাপ্ত ভোট ১২৪১৫। ইসলামি আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকের মোহাম্মদ জুলফিকার আলি মান্নান। তাঁর প্রাপ্ত ভোট ২১৬৯। কলম প্রতীক নিয়ে জনতা দলের প্রার্থী ছিলেন গোলাম নওশের আলী। তিনি পেয়েছেন ৩৮০ ভোট। গণঅধিকার পরিষদের প্রার্থী ছিলেন রবিউল হাসান তানজিম। তাঁর প্রাপ্ত ভোট ২৫১।
এছাড়াও ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছিলেন এডভোকেট আহমদ কবির করিম। হরিণ প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করেন জিন্নাত আকতার।এ দুইজনের প্রাপ্ত ভোট যথাক্রমে ২৬০ ও ২৭০।
উল্লেখিত ৬ প্রার্থীর কেউই এ আসনে মোট ভোটের সাড়ে ১২ শতাংশ ভোট পাননি।
আরপিও অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্র জমা দানের সময় একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারী কোষাগারে জমা দিতে হয়। কোনো প্রার্থীকে নিজের জামানতের টাকা রক্ষা করতে হলে মোট ভোটের ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়।
