×

শিক্ষা

কোটা আন্দোলন: গত ৬ দিনে যা যা ঘটল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৫:০৬ পিএম

কোটা আন্দোলন: গত ৬ দিনে যা যা ঘটল

ছবি: সংগৃহীত

সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে গত কয়েকদিনের সংঘাত-সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া যানবাহনসহ সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সারাদেশে। গত ছয় দিনে সারাদেশে যা হয়ে গেল, এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষেপে তুলে ধরা হলো-


ইন্টারনেট বন্ধ, সেতু-বিআরটিএ-দুর্যোগ ভবনে আগুন

গত বুধবার (১৭ জুলাই) রাত থেকে বন্ধ করে দেয়া হয় মোবাইল ইন্টারনেট। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয় পরের দিন (১৮ জুলাই) সন্ধ্যার পর। সেই ইন্টারনেট ফিরতে শুরু করে মঙ্গলবার (২৩ জুলাই) রাতে। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল এবং শুক্রবার (১৯ জুলাই) দুপুরে মহাখালীর সেতু ভবনে আগুন দিয়ে ৫৫টি গাড়ি পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। লুটপাট করা হয়েছে কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন ও আসবাব। পাশের বিআরটিএ ভবনেও আগুন দেয়া হয় বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকালে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনটির পঞ্চমতলা পর্যন্ত। ওই দিন বিকাল সাড়ে ৪টার দিকে মহাখালীতেই দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে আগুন দেয় বিক্ষোভকারীরা। সেখানে ৫৩টি গাড়ি ও ১৩টি মোটরসাইকেল পুড়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। সেদিনই রামপুরায় বিটিভি ভবনে আগুন দেয়া হয়। সেখানেও প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন দেয়া হয়েছে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর ভবনেও।


কারফিউ জারি, মেট্রোস্টেশন ভাংচুর, নরসিংদী কারাগারে হামলা 

গত শুক্রবার (১৯ জুলাই) রাত ১২টা থেকে শুরু হয় কারফিউ, চলবে বৃহস্পতিবার (২৫ জুলাই) পর্যন্ত। বুধবার (২৪ জুলাই) ও বৃহস্পতিবার কারফিউ শিথিল থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ১৯ জুলাই মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর ১০ নম্বর স্টেশনে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই দুই স্টেশন চালু হতে এক বছর বছর সময় লেগে যেতে পারে। ওই দিন বিকালে নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া হয় ৮২৬ বন্দিকে। লুটপাট করা হয় ৮৫টি অস্ত্র এবং বিপুল সংখ্যক গুলি। মঙ্গলবার (২৩ জুলাই) আদালতে আত্মসমর্পণ করে শতাধিক বন্দি। ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে দুই ডজন অস্ত্র।


কোটা আন্দোলনকারী ও মন্ত্রীদের বৈঠক

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গত শুক্রবার রাতে তিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের তিন নেতা। সেখানে ৮ দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও সহসমন্বয়ক হাসিব আল ইসলাম। বৈঠকে সরকারের তরফে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন।


গ্রেপ্তার

কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে গত শুক্রবার গভীররাতে খিলগাঁও এলাকা থেকে তুলে নেয় সাদা পোশাকধারীরা। রবিবার (২১ জুলাই) ভোরে মুক্ত হওয়ার পর তিনি নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেত্রী নিপুণ রায় চৌধুরী এবং গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুর গ্রেপ্তার হন। সেতু ভবনে হামলার জেরে আমীর খসরু, সাবেক ভিপি নূরসহ চারজন ৫ দিনের রিমান্ডে যান। এরই মধ্যে কক্সবাজার ও পার্বত্য তিন জেলায় বেড়াতে গিয়ে আটকা পড়েন কয়েক হাজার পর্যটক।


মামলা ও সাধারণ ছুটি

গত বুধবার থেকে সোমবার (২২ জুলাই) পর্যন্ত ছয় দিনে দিনে ঢাকায় ৭১ মামলা হয়েছে। নির্বাহী আদেশে ২১, ২২ ও ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়। রবিবার (২১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বিদেশিদের আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার (২২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সরকারের প্রতি সমর্থন ব্যবসায়ীদের। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জানমালের রক্ষায় কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

৪ দফা দাবি দিয়ে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত কয়েক দিনের ভাংচুরে বিদ্যুৎ বিভাগের প্রায় ১ হাজার কোটি টাকার স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যে পরিমাণ সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে তা অবর্ণনীয়; জনগণের সহযোগিতা পেলে আগের জায়গায় ফিরে আসতে পারব: বিভিন্ন এলাকা ঘুরে দেখে জানিয়েছেন সেনাপ্রধান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। নরসিংদী কারাগারের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে ক্যাম্প স্থাপন করেছে বিজিবি।


নির্বাচন স্থগিত

২৭ জুলাই অনুষ্ঠেয় সব নির্বাচন স্থগিত। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এসব নির্বাচনে ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

আদালতের রায় ও প্রজ্ঞাপন জারি, ৯৩ শতাংশ মেধায় চাকরি৥

সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী, সরকারি চাকরির কোটা ব্যবস্থা পুনর্বিন্যস্ত করে মঙ্গলবার (২৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করে সরকার, যাতে সব গ্রেডের নিয়োগে কোটা থাকছে মোট ৭ শতাংশ।  নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ (যেমন স্থানীয় সরকার প্রতিষ্ঠান) এবং বিভিন্ন করপোরেশনের চাকরিতে সব গ্রেডে সরাসরি নিয়োগ হবে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ। বাকি পদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা থাকবে। তবে নির্ধারিত এই কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে কোটার শূন্য পদও সাধারণ মেধাতালিকা থেকে পূরণ করা হবে।


টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে’

জয়শঙ্কর ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে’

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ভারত বৈঠক

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ভারত বৈঠক

জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে

শিক্ষামন্ত্রী জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে

পহেলা বৈশাখে নিরাপত্তা ও ট্রাফিকে বিশেষ ব্যবস্থা

পহেলা বৈশাখে নিরাপত্তা ও ট্রাফিকে বিশেষ ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App