বুয়েটের উপাচার্য হলেন অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৩ পিএম
অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১ এর ১১ (১) এবং (২) ধারা অনুযায়ী অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান, পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো:
ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ ৪ (চার) বছর হবে; ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।
আরো পড়ুন: হাবিপ্রবির হলগুলোতে নতুন হল সুপার নিয়োগ
