লেবুর বাজারে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
রমজানের আগেই ঢাকার কাঁচাবাজারগুলোয় হঠাৎ করে লেবুর দাম বেড়ে গেছে; কোথাও কোথাও এক হালির দাম চাওয়া হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানিয়েছেন, ফলন ও সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে।
অন্যদিকে এক সপ্তাহের ব্যবধানে হালিতে ৮০ থেকে ১০০ টাকা বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, ছোট আকারের পাতিলেবুর হালি চাওয়া হচ্ছে ৮০ থেকে ১১০ টাকা। মাঝারি আকৃতির হলে প্রতি হালিতে বিক্রেতারা চাইছেন ১২০ টাকা পর্যন্ত। আর বড় লম্বা আকৃতির লেবুর হালি চাওয়া হচ্ছে দেড়শ টাকাও।
দাম বেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে রায়সাহেব বাজারের ব্যবসায়ী মো. রিপন বলেন, “রোজা আর বৃষ্টি না হওয়ার কারণে লেবুর দাম বাড়ছে। সরবরাহ না থাকায় লেবু কিনতে হচ্ছে বাড়তি দামে। আর লেবু আনতেছিও কম।” এই বিক্রেতা বলেন, “দাম নিয়ে কাস্টমারের সঙ্গে ঝগড়া, কথা কাটাকাটি করতে হয়। বৃষ্টি হলে দাম হয়ত কিছু কমবে।”
যাত্রাবাড়ীর পাইকারি বিক্রেতা সোহেল বলেন, “লেবুর ফলন কম; মোকামে দাম বেশি। আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। আর বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।”
যাত্রাবাড়ীতে লেবু কিনতে আসা মো. সেলিম মিয়া নামে এক ক্রেতা বলেন, “লেবুর এত দাম! রোজার সময় তো আরও বাড়বে। মধ্যবিত্তদের জন্য সমস্যা হয়ে যাবে।"
আবুল বাশার বলেন, “লেবুতে আগুন লাগছে। ১০০ থেকে ১২০ টাকা হালি। ৫০টা লেবু কিনতে গেছি; ১০০ টার নিছে বেঁচবে না। ”
