শাহরুখকে অহংকারী বললেন অভিজিৎ, মেটেনি দ্বন্দ্ব
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি : সংগৃহীত
বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে আবারও মুখ খুলেছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, শাহরুখ অত্যন্ত অহংকারী এবং সেই কারণেই তাদের মধ্যে দূরত্ব আজও কাটেনি।
নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরু পর্যন্ত শাহরুখ-অভিজিৎ জুটি ছিল দর্শক-শ্রোতাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ‘ম্যায় কোয়ি অ্যায়সা গীত গাউঁ’, ‘বড়ি মুশকিল হ্যায়’, ‘চলতে চলতে’, ‘জরা সা ঝুম লু ম্যায়’, ‘তওবা, তুমহারে ইয়ে ইশারে’, ‘ওহ, লড়কি সবসে অলগ হ্যায়’, ‘বাদশাহ ও বাদশাহ’, ‘তুমহে যো ম্যায়নে দেখা’ এবং ‘ম্যায় হুঁ না’— একের পর এক হিট গান উপহার দেয় এই জুটি।
সে সময়ের কথা স্মরণ করে অভিজিৎ বলেন, তাদের জুটির সাফল্যে তিনি গর্ব অনুভব করতেন। এমনকি তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, শুধু শাহরুখের জন্যই গান গাইবেন। কিন্তু পরে অভিনেতার আচরণে তিনি আঘাত পান বলে দাবি করেন।
গায়কের অভিযোগ, ম্যায় হুঁ না ছবিতে তাঁর গাওয়া গানের জন্য তিনি যথাযথ স্বীকৃতি পাননি। সেই ঘটনার পর থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, যা আজও রয়ে গেছে।
অভিজিৎ বলেন, এমনও হয়েছে যে একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও শাহরুখ অন্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করলেও তাকে এড়িয়ে গেছেন। এতে তিনি নিজেকে অপমানিত ও উপেক্ষিত মনে করেছেন।
আরো পড়ুন : ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া
তিনি বলেন, শাহরুখ যদি একবার এগিয়ে এসে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করতেন তবে তিনি সব অভিমান ভুলে যেতে রাজি ছিলেন। কিন্তু তা আর হয়নি।
এ প্রসঙ্গে তিনি আরো দাবি করেন, অন্যদের সঙ্গে প্রকাশ্যে অপমানজনক পরিস্থিতি হলেও শাহরুখ তা সহজভাবে নিয়েছেন। তিনি দাবি করেন, প্রকাশ্যে শাহরুখকে নাকি ফরাহ খানের স্বামী অপমান করেছেন। তার পরেও তাঁকে জড়িয়ে ধরেছেন নায়ক। আমির খান পর্দার ‘বাদশা’ খানের নামে নাকি কুকুর পুষেছিলেন! গায়কের আক্ষেপ, তার পরেও তাঁরা দু’জনে ‘বন্ধু’। অথচ, অভিজিতের বেলায় এতটাই তাঁর অহংবোধ জেগে উঠল যে, একবার ‘ক্ষমা’ও চাইতে পারলেন না শাহরুখ। অভিমানী গায়ক বলেছেন, আমার বিশ্বাস, একদিন শাহরুখও ঠিক এই আচরণটাই ফেরত পাবেন। হয়তো ওঁর নিজের প্রযোজনা সংস্থার কাছ থেকেই।
