ফিটনেসের গোপন রহস্য জানালেন রানী মুখার্জী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম
রানি মুখার্জী। ছবি : সংগৃহীত
অভিনেত্রী হয়েও কখনও কঠোর ডায়েট মেনে চলেননি রানি মুখার্জী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ওজন কমানোর জন্য তিনি কখনও কড়া ডায়েট অনুসরণ করেছেন কি না। জবাবে হাসতে হাসতেই রানি বলেন, না, আমার দ্বারা সেটা হয় না।
আসন্ন ছবি মর্দানি ৩ এ তাকে দেখা যাবে দাপুটে পুলিশ আধিকারিকের ভূমিকায়। ৪৭ বছর বয়সেও অ্যাকশন দৃশ্যে তার সাবলীল উপস্থিতি মুগ্ধ করেছে দর্শকদের। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কীভাবে নিজেকে এতটা ফিট রাখেন এই বঙ্গতনয়া?
রানি জানান, ডায়েটের ব্যাপারে তিনি বেশ খুঁতখুতে। মাছ ভালো করে কড়া ভাজা না হলে তার পছন্দ হয় না। তাই কঠোর নিয়ম মেনে খাবার নিয়ন্ত্রণ করা তার পক্ষে কঠিন। প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে মূলত বাঙালি খাবারই। তিনি বলেন, গুড় ছাড়া আমার চলে না। গুড় তো এক ধরনের চিনি, তাই আমার রোজকার খাবারে চিনিও থাকেই।
আরো পড়ুন : ১০ কোটি রুপির দাবিতে রণবীর সিংকে হুমকি
নিজেকে ‘ভেতো বাঙালি’ বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন রানি। তিনি বলেন, ডায়েট থেকে আমি কখনও ভাত বাদ দিতে পারি না। ভাত খেলে গ্লাইসেমিক ইনডেক্স বাড়ে জানি, তবুও আমার কিছু করার নেই। ভাত আমাকে খেতেই হবে। ভাতের সঙ্গে সর্ষের তেল ও কাঁচালঙ্কা দিয়ে আলুসেদ্ধ মাখাই তার প্রিয় খাবার।
অনেক অভিনেতা-অভিনেত্রী ডায়েটের কারণে শৈশবের প্রিয় খাবার ত্যাগ করতে বাধ্য হন। তবে রানি মনে করেন, আধুনিক ডায়েটের কথা ভেবে ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত খাবার পুরোপুরি বাদ দেওয়া বাস্তবসম্মত নয়। তার মতে, নিজের শরীর ও পছন্দকে বুঝে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
