সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, এ সাক্ষাৎকার কার্যক্রম দুই দিনব্যাপী চলবে। প্রথম দিনে (শুক্রবার) রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা অংশ নিচ্ছেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
সাক্ষাৎকার শুরুর আগে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, নারী আসনের মনোনয়ন বাছাইয়ে স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ড যোগ্যদের যথাযথ মূল্যায়ন করবে বলে তারা আশা করেন।
এর আগে তিনি জানান, এবার বিএনপির ৩৬টি সংরক্ষিত আসনের বিপরীতে মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য ছিল ২ হাজার টাকা এবং ফরম জমার সময় ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।
তবে কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, সে তথ্য এখনো জানা যায়নি।
গত ৮ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই হবে। ২৬ এপ্রিল আপিল, ২৭ ও ২৮ এপ্রিল আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট অনুষ্ঠিত হবে ১২ মে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের ভিত্তিতে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১টি আসন পাচ্ছেন।
