গণভোটের পক্ষে পোস্ট দিয়ে ছাত্রদল নেতা বহিষ্কার
কাগজ ডেস্ক
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম
ছবি: সংগৃহীত
গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যে লালমনিরহাটের আদিতমারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা রাকিবুল হাসান আদিতমারী উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন এবং জুলাইয়ের আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছিলেন।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
সেই চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগে রাকিবুল হাসানকে বহিষ্কারের কথা জানানো হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে দলের অন্যান্য নেতাকর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।
জানা যায়, সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে ‘টালবাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন’ শীর্ষক একটি পোস্ট দেন রাকিবুল। এর এক ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ সাদিকুল ইসলাম পাভেল ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর খানের অনুমোদনে তার বিরুদ্ধে বহিষ্কারাদেশ জারি করা হয়।
রাকিবুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে জুলাই মাসের রক্তিম আন্দোলনে জেলা শহর ও আদিতমারীতে তিনি সামনের সারিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া ২০২২ সালে বিএনপির আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছিলেন বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
বহিষ্কার প্রসঙ্গে রাকিবুল হাসান বলেন, ‘স্কুল জীবন থেকে ছাত্রদলের সঙ্গে যুক্ত আছি। জুলাই আন্দোলনে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমি চাই দেশের মানুষের জন্য গণভোট বাস্তবায়ন করা হোক। শুধু একটি পোস্ট দেওয়ার কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে।’
এ প্রসঙ্গে লালমনিরহাট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আমরুল হাসান মোল্লা সাংবাদিকদের জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।
