বাগেরহাট
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই বিএনপির কার্যালয়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
ছবি: সংগৃহীত
বাগেরহাটের শরণখোলা উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে হঠাৎ কার্যালয় থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। পরে তারা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
তবে তার আগেই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র, দলীয় ব্যানার-ফেস্টুন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।
খবর পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনার সংবাদ পেয়ে শরণখোলা থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
