×

বরিশাল

তদন্তের নির্দেশ

রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ ঢালাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ ঢালাই

ছবি: বরিশালের আগৈলঝাড়য়ে নির্মাণাধীন ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার

বরিশালের আগৈলঝাড়ায় একটি নির্মাণাধীন ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবির মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।

গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে দুশমী-করিমবাজার খালের ওপর নির্মাণাধীন ব্রিজে এ ঘটনা ঘটে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট প্রস্থের এই ব্রিজটি নির্মাণের কথা ছিল।

অভিযোগ রয়েছে, নির্ধারিত নিয়ম অনুযায়ী রড ব্যবহার না করে সেখানে বাঁশের কঞ্চি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ঢালাইয়ের পুরুত্ব ৫ ইঞ্চি হওয়ার কথা থাকলেও তা কমিয়ে ৩ ইঞ্চি করা হয়েছে এবং সিমেন্টের মিশ্রণেও কারচুপি করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় বাসিন্দা হিমু মোল্লা ও ইদ্রিস মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রত্নপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লা ব্রিজটি নির্মাণের জন্য বরাদ্দ পেলেও নিজের ইচ্ছামতো কাজ করেছেন। ব্রিজ নির্মাণের প্রলোভন দেখিয়ে তিনি স্থানীয়দের কাছ থেকে প্রায় ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।”

তারা আরও জানান, ঢালাইয়ের সময় উপজেলা প্রকৌশল অফিসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ঠিকাদারকে বাঁশ ব্যবহারে বাধা দিলে সামান্য কিছু রড ব্যবহার করে দায়সারাভাবে কাজ শেষ করা হয়।

অভিযুক্ত ইউপি সদস্য সোহেল মোল্লা স্থানীয়দের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও ব্রিজের ঢালাই কাজে বাঁশের কঞ্চি ব্যবহারের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করেছেন। তিনি বলেন, “ব্রিজের বাইরের অংশে বাঁশ ব্যবহার করা হয়েছে, যা এলাকাবাসীর তত্ত্বাবধানে হয়েছে।”

জানতে চাইলে রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার বলেন, “ব্রিজটি নির্মাণের প্রথম পর্যায়ে দেড় লাখ এবং ঢালাইয়ের জন্য সম্প্রতি আরও এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ঢালাইয়ে বাঁশ ব্যবহারের বিষয়টি আমার জানা নেই।”

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, “ঢালাইয়ের সময় আমাদের উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আমাদের না জানিয়েই তড়িঘড়ি করে ঢালাই শেষ করা হয়েছে। বিষয়টি শুনেছি এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, “বাঁশ দিয়ে ব্রিজ ঢালাইয়ের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ আরেক বন্ধুর

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জ্বালানির অবৈধ মজুতের দায়ে যুবককে কারাদণ্ড

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

জুড়ীতে কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App