সমুদ্রে ভেসে আসা মাছে ভাগ্য খুলল জেলের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত
বরগুনার তালতলীতে জেলের জালে ধরা পড়েছে সমুদ্রে ভেসে থাকা সাড়ে ২২ কেজি ওজনের একটি সামুদ্রিক কোরাল মাছ। এ সময় উন্মুক্ত নিলামের মাধ্যমে ১৯,১২৫ টাকায় মাছটি বিক্রি করা হয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ফকিরহাট নামক এলাকা সংলগ্ন সাগর মোহনায় ধরা পরে মাছটি। মান্নান খান নামে স্থানীয় এক জেলে এই মাছটি ধরে।
জানা যায়, আজ সকালে মান্নান মাছ শিকার করতে সাগরে রওনা দেন। এ সময় তিনি তালতলীর ফকিরহাট মোহনায় তিনি একটি কোরাল মাছ ভাসতে দেখেন। এরপর জাল ফেলে মাছটিকে টেনে তোলেন তিনি। পরে মাছটিকে তালতলী বাজারে নিয়ে গিয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী মো. বশির মৃধার কাছে ১৯ হাজার ১২৫ টাকায় বিক্রি করেন।
তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, ‘ভেসে আসা একটি কোরাল মাছ জেলেদের জালে ধরা পড়েছে শুনেছি। তবে মাছটি প্রথমে অন্য কোনো জালে আটকে আহত হতে পারে। অথবা কোনো জালে আঘাত পেয়ে মারা গিয়ে ভেসে উঠতে পারে। এছাড়াও বয়সের একটা বিষয় আছে, যেহেতু মাছটি অনেক বড়। তবে সাগরের বিশাল পরিধির মধ্যে কোনো বিষক্রিয়ার কারণে এমন ঘটনা ঘটার কথা নয়। এমন হলে এর আশপাশে আরও অনেক মাছ মারা যেত।’
