নগরকান্দা, ফরিদপুর
আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম
ছবি: সংগৃহীত
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতা–কর্মীরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে নগরকান্দা উপজেলা সদরের টিঅ্যান্ডটি অফিসের সামনে অবস্থিত দলটির নিজস্ব দোতলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন নগরকান্দা শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্কর ও নগরকান্দা পৌর যুবলীগের সদস্য তরুণ পোদ্দার। পতাকা উত্তোলনের পর তারা বিভিন্ন দলীয় স্লোগান দেন।
এ সর্ম্পকিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তালমা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাকিব লস্করকে বলতে শোনা যায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়েছে। তাদের নেতা শাহাদাব আকবর চৌধুরী লাবুর নির্দেশনায় উপজেলা যুবলীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেখানে গিয়ে ফুল বা জাতীয় পতাকার কোনো আলামত পাওয়া যায়নি।
