ট্রাম্পের সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:৩১ পিএম
ছবি : সংগৃহীত
চীন সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দেশের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, তাইওয়ান ইস্যুই দ্বিপক্ষীয় সম্পর্কের সবচেয়ে বড় ঝুঁকি।
শুক্রবার (১ মে) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপ করেছেন ওয়াং ই। এ সময় তিনি বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে ‘কঠিন পরিশ্রমে অর্জিত স্থিতিশীলতা’ ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি মূলত ট্রাম্পের আসন্ন চীন সফরের প্রস্তুতির অংশ। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।
আরো পড়ুন : ইরান যুদ্ধ ‘শেষ’, জানাল ট্রাম্প প্রশাসন
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪-১৫ মে ট্রাম্প চীন সফর করবেন। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। ২০২৫ সালের জানুয়ারিতে পুনরায় হোয়াইট হাউসে ফেরার পর এটিই হবে তার প্রথম চীন সফর।
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও শুল্ক নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় দুই নেতার বৈঠকের পর সাময়িক সমঝোতা হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং ই রুবিওকে উচ্চপর্যায়ের যোগাযোগ জোরদার, সহযোগিতা বাড়ানো এবং মতবিরোধগুলো যথাযথভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন।
তিনি আরো বলেন, ট্রাম্প ও শি জিনপিংয়ের নেতৃত্বে সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীল থাকলেও তাইওয়ান ইস্যু এখনো বড় ধরনের ঝুঁকি হিসেবে রয়ে গেছে।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, চীন তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এবং দ্বীপটিকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ও সমর্থনের তীব্র বিরোধিতা করে।
ওয়াং ই যুক্তরাষ্ট্রকে তাদের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ব শান্তি নিশ্চিত করতে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াং ই ও রুবিও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
